জাহাঙ্গীর আলম ইমরুলঃ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের ছাত্রী, নাট্যকর্মী সোহাগী জাহান তনুর পরিবারের সদস্যদের মুরাদনগরের গ্রামের বাড়ি থেকে সেনানিবাসে নিয়ে গেছে র্যাব সদস্যরা। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানা যায়।শুক্রবার সন্ধ্যায় সোহাগীর বাবা ও বড় ভাইকে এবং ওই দিন গভীর রাতে সোহাগীর মা, ছোট ভাই ও চাচাতো বোনকে র্যাব সদ্স্যরা বাড়ি থেকে ক্যান্টমেন্টে নিয়ে গেছে বলে জানান সোহাগীর এক স্বজন। তবে তিনি নাম প্রকাশ করতে চাননি।এদিকে সোহাগীর পরিবারকে কেন গভীর রাতে সেনানিবাসে নিয়ে যাওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। সোহাগীর মা এবং বড়ভাই নাজমুল অবশ্য আগেই জানিয়েছিলেন, তাদেরকে সেনানিবাসে নিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে। কিন্তু সেখানে তারা নিরাপদ মনে করছেন না।অবশ্য এ ব্যাপারে র্যাব-১১ এর অধিনায়ক খোরশেদ আলম বলেন, সোহাগীর হত্যা সম্পর্কে কিছু তথ্য জানার জন্য গত রাত ১১টার দিকে সোহাগীর মা, ভাই ও চাচাতো বোনকে নিয়ে আসা হয়েছিল। পরে তাদের ক্যান্টনমেন্টের বাসায় রেখে আসা হয়।উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকার পাওয়ার হাউস পানির ট্যাংকির কাছে সোহাগীর লাশ পাওয়া যায়। ময়না তদন্ত শেষে জানা যায়, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পরে এ ব্যাপারে সোহাগীর বাবা কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।হত্যার পাঁচদিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন হয়ে আসছে।
26 March 2016
Author: নতুন প্রজন্ম কুমিল্লা
কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: