26 March 2016

কুমিল্লাসহ সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ চলছেই


নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহানের (তনু) হত্যাকারীদের বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ অব্যাহত রয়েছে।শুক্রবার দিনভর কুমিল্লায় বিক্ষোভ-মিছিল-মানববন্ধনে অংশ নিয়েছেন হাজারো শিক্ষার্থী। সেখানে বক্তারা বলেছেন, হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে আইনের শাসন নিশ্চিত হবে না। দেওয়া সম্ভব হবে না নারীর সুরক্ষাও।কেবল কুমিল্লায় নয়, প্রতিবাদ হয়েছে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে। শাহবাগে প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করেছে গণজাগরণ মঞ্চ। ঢাকার বাইরে বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম, বান্দরবান ও চাঁপাইনবাবগঞ্জে।সোহাগী হত্যাকাণ্ড নিয়ে শুক্রবার বিকেলে কুমিল্লা জেলা কোর কমিটির বিশেষ সভা হয়েছে। পুলিশ গত পাঁচ দিনেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। জেলা গোয়েন্দা (ডিবি) সংস্থার একটি দল এ হত্যাকাণ্ড নিয়ে কাজ করছে। তারাও এর কোনো কিনারা খুঁজে পাচ্ছে না।কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বলেন, ‘এখন পর্যন্ত আমরা কোনো অগ্রগতির খবর জানাতে পারছি না। আমরা কাজ করছি।’তবে শুক্রবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনী এ হত্যার কারণ উদ্ঘাটনে পুলিশ ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে।২০ মার্চ রাত সাড়ে ১০টায় কুমিল্লা সেনানিবাসের পাহাড় হাউস এলাকায় সোহাগী জাহানের লাশ পাওয়া যায়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়।নিহত শিক্ষার্থীর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন।কুমিল্লায় তীব্র প্রতিবাদ: সোহাগী জাহানের হত্যাকারীদের ফাঁসির দাবিতে শুক্রবার বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত কুমিল্লা নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে সড়ক বন্ধ রেখে শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। মানববন্ধনে ভিক্টোরিয়া কলেজ থিয়েটার, কুমিল্লা রোটারেক্ট ক্লাব, সেন্টার ফর হিউম্যান অ্যাসিস্ট্যান্ট ফাউন্ডেশন, কুমিল্লার তিনটি সরকারি কলেজের হাজারো শিক্ষার্থী অংশ নেন।বিক্ষোভ মিছিলের কারণে চারটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা সড়কের মধ্যে শুয়ে ক্ষোভ জানান। সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন করা হয় পূবালী চত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনারে। ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের উদ্যোগে ওই কর্মসূচি পালিত হয়।বিক্ষোভ মিছিলের সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘জননেত্রীরা চুপ কেন, আপনারা কি নারী নন’, ‘ন্যায়বিচারের আলো ঘরে ঘরে জ্বালো’ শীর্ষক প্ল্যাকার্ড বহন করে প্রতিবাদ জানান।বিক্ষোভে অংশ নেওয়া কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জোহরা আনিস বলেন, ‘এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।’বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক পরেশ রঞ্জন কর বলেন, সেনানিবাসের ভেতরে এ ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের ক্লু উন্মোচিত হয়নি। এটা দুঃখজনক।সম্মিলিত সাংস্কৃতিক জোট কুমিল্লার আহ্বায়ক পাপড়ি বসু বলেন, ‘যে জায়গাকে নিরাপদ ভাবতাম, সেখানেই ওকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ধর্ষণ এবং হত্যা—দুটি ঘটনা ঘটিয়ে দুষ্কৃতকারীরা আড়ালে চলে গেছে।’ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সাবেক সভাপতি ইকরাম হাসান বলেন, প্রতিদিন বিকেল সাড়ে চারটায় কান্দিরপাড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হবে। এ ঘটনার কিনারা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।রাজধানীতে পৃথক কর্মসূচি: শুক্রবারও রাজধানীর বিভিন্ন স্থানে কয়েকটি সংগঠন সোহাগী হত্যার বিচারের দাবিতে পৃথক কর্মসূচি পালন করেছে।ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোহাগী হত্যার বিচারের দাবিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।তিনি বলেন, দেশে এখন কেউ নিরাপদ নয়। কিছুদিন আগে দেশের বিভিন্ন জায়গায় একের পর এক শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কুমিল্লায় একটি নিরাপদ জায়গায় একটি মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।সন্ধ্যায় শাহবাগে প্রতীকী অবরোধ করে গণজাগরণ মঞ্চ। এ সময় এক ঘণ্টার বেশি সময় ধরে শাহবাগে যান চলাচল বন্ধ থাকে। পরে সেখান থেকে আলোর মিছিল নিয়ে শহীদ মিনারে যান মঞ্চের কর্মী-সংগঠকেরা। এর আগে বিকেলে জাতীয় জাদুঘরের সামনে গণসমাবেশ হয়।সমাবেশে শনিবারের ‘স্বাধীনতা কনসার্ট’ বাতিল করে গণজাগরণ মঞ্চ। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এই কনসার্ট হওয়ার কথা থাকলেও এদিন বিকেলে এর পরিবর্তে ‘তনু হত্যার বিচারের দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের’ আয়োজনের কথা জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র আলাদা কয়েকটি ব্যানার নিয়ে মানববন্ধন করেন। এ ছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে নারী সংহতি, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ছাত্র ইউনিয়নের মানববন্ধনের আয়োজন করে ঢাকা মহানগর সংসদ। নারী সংহতির মানববন্ধনে সংগঠনের সভাপতি শ্যামলী শীল, সহসভাপতি তাসলিমা আখতার, সাধারণ সম্পাদক অপরাজিতা দেব প্রমুখ বক্তব্য দেন।বান্দরবান ও চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ: সোহাগী হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল বান্দরবান ও চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বান্দরবান প্রেসক্লাব চত্বরে বিকেল সোয়া চারটায় প্রথম আলো বন্ধুসভার কর্মীরা মানববন্ধন করেন।বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলের সামনে ছাত্র সমাজের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়।মানববন্ধন ও সমাবেশ হয়েছে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ও প্রবর্তক মোড়ে।আইএসপিআরের বিবৃতি: শুক্রবার রাতে আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়, গত ২০ মার্চ রাত আনুমানিক ১১টায় কুমিল্লা সেনানিবাসের সীমানাসংলগ্ন এলাকায় (এ স্থানে কোনো সীমানাপ্রাচীর নেই) সোহাগী জাহানের অচেতন দেহ খুঁজে পান তাঁর বাবা ইয়ার আলী। তিনি মিলিটারি পুলিশকে খবর দেন। তাৎক্ষণিকভাবে সোহাগীকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তাঁর ময়নাতদন্ত কার্যক্রম সম্পন্ন করে।বিবৃতিতে বলা হয়, সোহাগী হত্যার কারণ উদ্ঘাটনের জন্য ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। সেনাবাহিনী এ হত্যার কারণ উদ্ঘাটনে পুলিশ ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: