06 April 2016

আমার শেষ বিচার আল্লাহর কাছ - তনুর বাবা


কুমিল্লা রিপোর্ট২৪ ডেস্কঃ কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর মরদেহের প্রথম ময়নাতদন্তের প্রতিবেদন নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। প্রতিবেদনে মৃত্যুর কারণ অজ্ঞাত উল্লেখ করায় পরিবার, আন্দোলনরত শিক্ষার্থী এবং বিভিন্ন সংগঠন সন্দেহ ও হতাশা প্রকাশ করেছে। একই সঙ্গে দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন নিয়েও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। প্রথম প্রতিবেদন প্রকাশের পর গতকাল মঙ্গলবার দুপুরে কুমিল্লার কান্দিরপাড়ে তনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সমাবেশে বক্তারা প্রথম ময়নাতদন্তের প্রতিবেদন নিয়ে নানা প্রশ্ন তোলেন। সমাবেশে যোগ দিয়ে ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরাও হতাশা প্রকাশ করে। এদিকে তনু হত্যার দ্রুত বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সমাবেশ করে এ স্মারকলিপি দেওয়া হয়। কুমিল্লার সমাবেশে উদীচী শিল্পীগোষ্ঠী কুমিল্লার সভাপতি মৃণাল কান্তি ঢালী বলেন, ‘একটি মহলের চাপের কাছে ময়নাতদন্ত, ঘটনাস্থলের সুরতহাল সবটাই এখন প্রশ্নবিদ্ধ। সুষ্ঠু তদন্ত-সুষ্ঠু বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এ দেশের সংস্কৃতিকে উদ্ধার করতে হবে।’ এ নিয়ে জানতে চাইলে গতকাল সন্ধ্যায় তনুর বাবা এয়ার হোসেন প্রশ্ন করে বলেন, ‘কুমিল্লা সেনানিবাসের ভেতরে আমার মেয়েটা নিজে নিজে মরে গেছে? এমনি এমনি মরে গেছে? সেনানিবাসের মধ্যে কি পাহাদার ছিল না? সেনানিবাসের মধ্যে কেউ কি নিজে নিজে মরতে পারে?।’ তিনি আরো বলেন, ‘আল্লাহ দেখছেন, উপরে আল্লাহ আছেন আর নিচে প্রধানমন্ত্রী আছেন। আমি অসহায় মানুষ। আমার মেয়েকে আমি মরা দেখেছি। আমার শেষ বিচার আল্লাহর কাছে।’ তবে তিনি মনে করেন, ডিএনএ টেস্টে ও দ্বিতীয় ময়নাতদন্ত সঠিকভাবে হলে সব বেরিয়ে আসবে। গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরে ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার হোসেনের মেয়ে তনুর লাশ পাওয়ার পর ধর্ষণের সন্দেহ পুলিশই প্রথম জানিয়েছিল। হত্যাকাণ্ডের ১৪ দিন পর গত সোমবার কুমিল্লা মেডিক্যাল কলেজের চিকিৎসকদল প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে। ফরেনসিক বিভাগের প্রধান ডা. কামদা প্রসাদ সাহা সাংবাদিকদের জানান, প্রথম ময়নাতদন্তে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেছেন চিকিৎসক। একই সঙ্গে মৃত্যুর সুনির্দিষ্ট কারণও নির্ণয় করা যায়নি। তিনি আরো বলেন, ‘পৃথিবীতে শতকরা ২ থেকে ৫ ভাগ ময়নাতদন্তের ক্ষেত্রে মৃত্যুর কারণ উদ্ঘাটন করা সম্ভব হয় না।’ এ নিয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আরজুমান বানু কালের কণ্ঠকে বলেন, ‘অনেকের ক্ষেত্রে ময়নাতদন্তে মৃত্যুর কারণ শনাক্ত করা যায় না।’ 
কুমিল্লায় উদীচী শিল্পীগোষ্ঠীর সমাবেশ : তনুর মরদেহের প্রথম ময়নাতদন্তের প্রতিবেদনে ধর্ষণের আলামত না পাওয়া এবং মৃত্যুর কারণ নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল বিকেলে শহরের কান্দিরপাড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশ নিয়ে সিপিবি কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক পরেশ কর বলেন, ‘ময়নাতদন্ত রিপোর্ট দেখে মনে হচ্ছে প্রভাবিত হয়ে কাজ করা হচ্ছে। এটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। এই প্রভাবিত ময়নাতদন্ত প্রতিবেদন ন্যায়বিচারের জন্য বাধা। এটি বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে।’ উদীচীর কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ ফরিদ সমাবেশে বলেন, ‘তনুর মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট মনঃপূত হয়নি। আমরা সঠিক রিপোর্ট দেওয়ার দাবি জানাচ্ছি।’ সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সভাপতি আলী আকবর মাসুম জানান, ‘বিভিন্ন পত্রিকায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের যে বক্তব্য আমরা আগে পেয়েছি তাতে ধর্ষণের আলামতের কথা শুনেছিলাম, এখন কাগজপত্রে না দেখায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এটি উদ্দেশ্যমূলক।’ সমাবশে সিপিবির সাধারণ সম্পাদক পরেশ কর, উদীচীর উপদেষ্টা মফিজ উদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শেখ জহির, উদীচীর সাধারণ সম্পাদক শেখ ফরিদ প্রমুখ অংশ নেন। 
স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি সম্মিলিত সাংস্কৃতিক জোটের : কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার দ্রুত বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন সংস্কৃতিকর্মীরা। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সমাবেশ করেন সংস্কৃতিকর্মীরা। এরপর মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে রওনা হলে দোয়েল চত্বরে পুলিশ তাঁদের আটকে দেয়। তখন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল স্মারকলিপি নিয়ে সচিবালয়ে যায়। স্মারকলিপিতে বলা হয়, ‘তদন্তে এ ঘটনার দৃশ্যমান কোনো অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না, উপরন্তু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বক্তব্য উপস্থাপিত হওয়ায় জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিশু ও নারী নির্যাতনের ঘটনায় দেশবাসীর মধ্যে শঙ্কা তৈরি করছে।’ এ সময় সমাবেশে তনুর ঘটনায় যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশনা দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান জোটের সাবেক আহ্বায়ক নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু। 
সন্ধান মেলেনি সোহাগের : ৯ দিনেও সন্ধান মেলেনি ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনুর ভাই আনোয়ার হোসেন রুবেলের বন্ধু মিজানুর রহমান সোহাগের। গত ২৭ মার্চ রাতে সোহাগকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে দাবি করে তাঁর পরিবার।
সুত্রঃ কালের কণ্ঠ

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: