03 April 2016

তনুর ছোট ভাইয়ের বন্ধু ছয় দিন ধরে নিখোঁজ


কুমিল্লা রিপোর্ট২৪ ডেস্কঃ সোহাগী জাহান তনুর ছোট ভাই আনোয়ার হোসেনের (রুবেল) বন্ধু মিজানুর রহমান এক সপ্তাহ ধরে নিখোঁজ। পরিবার বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে কিছু লোক গত ২৭ মার্চ রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার নারায়ণসার গ্রামের বাড়ি থেকে মিজানুরকে তুলে নিয়ে গেছে। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ মেলেনি।
মিজানুরের মা সাহিদা আক্তার ও তাঁর বড় বোন খালেদা আক্তার গতকাল শনিবার দুপুরে কুমিল্লা প্রেসক্লাবে এসে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান। তাঁরা বলেন, পরিবারের পক্ষ থেকে ৩০ মার্চ এ ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডিতে বলা হয়, ২৭ মার্চ রাত একটায় সাদাপোশাকধারী লোক তিনটি মাইক্রোবাস নিয়ে এসে মিজানুর রহমানের (সোহাগ) বাড়িতে তল্লাশি চালায়। এ সময় মিজানুর রহমানকে নিয়ে চলে যায়। পরদিন পরিবারের সদস্যরা র্যাব ও গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে খোঁজ নিয়ে তাঁর অবস্থান জানা যায়নি।
মিজানুরের বোন খালেদা আক্তার সাংবাদিকদের বলেন, ‘তনু হত্যার পর টিভিতে সাক্ষাৎকার দিচ্ছিল রুবেল (তনুর ছোট ভাই)। ওই সময়ে টেলিভিশন দেখে সোহাগ (মিজানুর রহমান) বলছিল, আমার বন্ধু রুবেল, ওর বোনই তনু। এরপর রুবেলের ফোনে তিনবার কল দেয় সে।’
খালেদা আক্তারের ধারণা, তনুর ভাইকে ফোন দেওয়ার কারণেই মিজানুরকে তুলে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা ভাইয়ের অবস্থান জানতে চাই।’
এই বিষয়ে জানতে চাইলে তনু হত্যা মামলার তদন্ত-তদারক কর্মকর্তা সিআইডির বিশেষ সুপার নাজমুল করিম খান গতরাতে প্রথম আলোকে বলেন, মিজানুর রহমান নামে কাউকে আটক করা বা তুলে আনা-সম্পর্কিত কোনো তথ্য তাঁদের কাছে নেই। তাঁরা কাউকে আটক করেননি।
সুত্রঃ প্রথম আলো

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: