29 March 2016

সোহাগী, তোমাকে ভুলে যাবোই- আসিফ


নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও মঞ্চকর্মী সোহাগী জাহান তনুর ধর্ষণ ও হত্যার দাবিতে প্রতিবাদে ফুঁসছে সারা দেশে। প্রতিবাদ জানিয়েছেন তারকারাও। কণ্ঠশিল্পী আসিফ আকবরের জন্মস্থান কুমিল্লায়। জনপ্রিয় এ শিল্পীও সোহাগী হত্যায় বিচারের দাবিতে সোচ্চার ভূমিকা পালন করছেন ফেসবুকে।
কিন্তু শিল্পীর আশঙ্কা সোহাগী হত্যার ইস্যুটিও অন্যান্য ইস্যুর ভীড়ে হারিয়ে যেতে পারে, দেশের বিচারহীনতা নিয়েও হতাশা ব্যক্ত করেছেন তিনি। সমালোচনা করেছেন ফেসবুক ব্যবহারকারীদেরও।
আসিফ লিখেছেন- উত্তরের ইয়াসমিন থেকে পাহাড়ের কল্পনা চাকমা, ঢাকার শাজনীন থেকে কুমিল্লার সোহাগী জাহান সোহাগী। তারা আমার কেউ নয়, তারা আমাদের বহু কষ্টে অর্জিত স্বাধীনতার একেকটি ঝরে যাওয়া মেডেল, আমার জাতীয় পুরস্কারটির মত।
সোহাগীর ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ডে পথিকৃত কুমিল্লা ঐতিহ্যে আরো সমৃদ্ধ হলো, অতীতকে সহজেই ভুলে যাওয়া জাতির গর্বিত সন্তান আমি। পরবর্তী ইস্যুর জন্য সব সময় প্রস্তুত।
ফেসবুক এখন আদালত, ফেসবুকাররা বিচারক । কিছুদিন পরপর রাষ্ট্রে সোহাগীরা বেঘোরে প্রান দিবে, আমরা বিচার চেয়ে পাগল হয়ে যাবো, তারপরই কভার পিকচার চেঞ্জ করে সোহাগীকে ভুলে যাবো। আসবে স্বাধীনতা কিংবা বিজয় দিবস, আবার আমরা ক্ষণিকের পাগল হয়ে যাবো। বাংলাদেশ ক্রিকেট ম্যাচ জিতবে,আমরা হয়ে যাবো উগ্র দেশপ্রেমিক। টানা কয়েকটা ম্যাচ হারলেই সাকিব তামিমদের গুষ্টি উদ্ধার করবো। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব কে বলবো– ‘সাকিব কোন প্লেয়ারই না, এর চেয়ে মেহেদী মিরাজ অনেক ভালো’।
সোহাগী তোমাকেই বলছি- কাউকে ক্ষমা করোনা, আমাকেও না। পারলে বেহেস্তে গিয়ে তোমাকে নিয়ে লেখা সবার পোষ্ট গুলো চেক করে লাইক দিও, ঠিক তার পরের পোস্টটা পড়ে আনফ্রেন্ড করে দিও, ব্লক মেরোনা কারন পরের বছর ফিকে হয়ে যাওয়া মৃত্যুদিবস উপলক্ষে পোস্ট গুলো পড়তে পারবেনা। এর মধ্যে তোমার কাছে বিভিন্ন নামে আরো সোহাগীরা আসবে। আমরা আবার প্রতিবাদে উত্তাল হবো, তবে কথা দিচ্ছি– তোমাকে ভুলে যাবোই।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: