07 June 2016

তনু হত্যাঃ রোববার ২য় ময়নাতদন্ত প্রতিবেদন


নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর ২য় ময়নাতদন্ত প্রতিবেদন আগামী রোববার দেয়া হবে বলে জানিয়েছেন ২য় ময়নাতদন্তকারী বোর্ড প্রধান ডা. কামদা প্রসাদ সাহা।
এর আগে, দুপুর সোয়া ১২টায় সিআইডি কুমিল্লার এএসআই মোশারফ হোসেন ও কনস্টেবল শাহ আলম তনুর ডিএনএ প্রতিবেদন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ ও দ্বিতীয় ময়নাতদন্ত বোর্ড প্রধান ডা. কামদা প্রসাদ সাহার নিকট হস্তান্তর করেন।
এদিকে গত রোববার বিকেলে কুমিল্লার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জয়নাব বেগম ডিএনএর পুরো প্রতিবেদনটি দ্বিতীয় ময়নাতদন্তকারী মেডিকেল বোর্ডকে দেয়ার জন্য সিআইডিকে আদেশ দেন।
এ ব্যাপারে দ্বিতীয় ময়নাতদন্ত বোর্ড প্রধান ডা. কামদা প্রসাদ সাহা বলেন, সিআইডি তনুর ডিএনএ প্রতিবেদনটি আমাদের নিকট হস্তান্তর করেছেন। মেডিকেল বোর্ডের এক সদস্য মামলার হাজিরার কারণে কুমিল্লার বাইরে রয়েছেন। তিনি ফিরে আসলে এ নিয়ে শনিবার আলোচনা করবো। আশা করছি রোববার তনুর ২য় ময়না তদন্তের প্রতিবেদন দিতে পারবো।
উল্লেখ্য, গত ২০ মার্চ তনুর মরদেহ কুমিল্লা সেনানিবাসের বাসার নিকট পাওয়া যায়। ২১ মার্চ তনুর লাশের প্রথম ময়নাতদন্ত হয়। এতে মৃত্যুর কারণ নিশ্চিত নয় এবং ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে প্রতিবেদনটি দেন ময়নাতদন্তকারী কর্মকর্তা। পরে আদালতের আদেশে ৩০ মার্চ তনুর লাশ কবর থেকে তোলা হয়।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: