27 March 2016

কুমিল্লার পথে গণজাগরণের রোডমার্চ


নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ঢাকার শাহবাগ থেকে কুমিল্লা অভিমুখে রোডমার্চ করছে গণজাগরণ মঞ্চ।
রোববার সকাল ১০টার দিকে শাহবাগ সংক্ষিপ্ত সমাবেশ শেষে শুরু হয় এ রোডমার্চ। পথে পথসভা ও গণসংযোগের মধ্য দিয়ে কুমিল্লার টাউন হলে গিয়ে শেষ হবে এই রোডমার্চ।
ছয়টি বাসে মঞ্চের নেতাকর্মীরা রোডমার্চে রওনা হয়েছেন। বহরের সামনে একটি পিকআপভ্যানে সাংস্কৃতিক পরিবেশনা ও স্লোগান চলছে।
যাত্রার শুরুতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘সোহাগী হত্যার বিচার দাবিতে সারাদেশের মানুষ আজ সোচ্চার। এই হত্যার বিচার দাবিতে মানুষের চাওয়াকে নানাভাবে বাধাগ্রস্ত ও আড়াল করার চেষ্টা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘এই রোডমার্চের মাধ্যমে আমরা কুমিল্লার মানুষের সঙ্গে সংহতি জ্ঞাপন করে তাদের কাছে সারাদেশে আন্দোলনের বার্তা নিয়ে যেতে চাই। আমরা জানিয়ে দিতে চাই, খুনি-ধর্ষকরা যতোই শক্তিশালী হোক না কেন তাদের বিচারের আওতায় আনতে হবে।’
তিনি আরও বলেন, ‘হত্যা-ধর্ষণের মাধ্যমে দেশে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে তার বিরুদ্ধে আমাদের আজকের রোডমার্চ। খুনিরা দিনের আলোতে ঘুরে বেড়াচ্ছে। এর বিপরীতে জনগণ কিছুই করতে পারছে না। অপরাধীদের বিচারের আওতায় আনতে রাষ্ট্রের পাশাপাশি জনগণেরও দায়িত্ব আছে, সেই বার্তা আমরা মানুষের কাছে নিয়ে যাব।’
গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় খুন হন ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহাগী। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
এদিকে একই দাবিতে আরেকটি সামাজিক সংগঠন ‘স্বপ্নলোক’ আজ শাহবাগ থেকে উত্তরা পর্যন্ত রোডমার্চ করছে।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: